করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও তিন জন মারা গেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে চট্টগ্রামে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় এক হাজার ২৬২ জন মারা গেছেন। এর মধ্যে ৭০০ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৫৬০ জন। এর মধ্যে ৭২ হাজার ৯৫৮ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৬০২জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ২৭৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩২টি এবং আরটিআরএল ল্যাবে পাঁচ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২০জন, বিআইটিআইডি ল্যাবে ৩৩জন, চমেক ল্যাবে ১৯জন, সিভাসু ল্যাবে ৮জন এবং আরটিআরএল ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়। এ দিন ৩৪টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১২০টি নমুনা পরীক্ষায় চার জন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ৩০৫টি নমুনা পরীক্ষায় পাঁচ জন, মা ও শিশু হাসপাতালে ৩৭টি নমুনা পরীক্ষায় ছয় জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৫ নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। ইপিক হেলথ কেয়ারে ৮৯টি নমুনা পরীক্ষায় ১২জন এবং ল্যাবএইডে দুটি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের তিনটি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।