ট্রলার থেকে ফেলে যাওয়া বস্তায় মিললো ৮ লাখ ইয়াবা

সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে চারটি বাদামী রঙের প্লাস্টিকের বস্তা থেকে সাত লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১২ নভেম্বর) সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ বলেন, গোপন সংবাদে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে একটি ট্রলার আসতে দেখলে সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি থামার জন্য সংকেত দেয়। ট্রলারটি উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে ধাওয়া করে কোস্টগার্ড। পরবর্তী সময়ে ইয়াবা পাচারকারীরা চারটি প্লাস্টিকের বস্তা ট্রলার থেকে সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। বস্তাগুলো খুলে গণনা করে সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, জব্দ করা ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জনে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।