চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া পথশিশু কামাল উদ্দিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৬৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে আরেকটি খাল থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ছুটে এসে লাশ চিহ্নিত করেন কামালের বাবা কাউসার আলী ও বন্ধু রাকিব। এ সময় সন্তানের লাশ দেখে আহাজারি করতে থাকেন কাউসার।
ফায়ার সার্ভিস জানায়, গত সোমবার বিকাল ৪টায় নগরীর ষোলশহর ভূমি অফিসের সামনে চশমা খালে বোতল কুড়াতে গিয়ে তলিয়ে যায় কামাল। বৃহস্পতিবার নিখোঁজের চতুর্থ দিন সকাল থেকে মির্জা খালে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা ১২টায় মির্জা খালে লাশ পাওয়া গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর রবিউল আজম ঘটনাস্থলে জানান, উদ্ধার লাশটি শিশু কামালের। চশমা খাল থেকে মির্জা খালে এসে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে চট্টগ্রাম নগরে গত পাঁচ মাসে খাল ও নালায় পড়ে মোট পাঁচ জনের মৃত্যু হলো। গত ২৮ সেপ্টেম্বর ১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া নগরের শেখ মুজিব রোডের নালায় তলিয়ে যায়। ঘটনার পাঁচ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। ২৫ আগস্ট টানা বৃষ্টিতে ষোলশহর এলাকায় পানিতে তলিয়ে গেলে নালায় পড়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী ছালেহ আহমদ (৫০)। তার খোঁজ আজও মেলেনি।
এর আগে চলতি বছরের ৩০ জুন একটি সিএনজিচালিত আটোরিকশা চশমা হিল এলাকায় খালে পড়ে দুর্ঘটনা ঘটলে চালক মোহাম্মদ সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগমের মৃত্যু হয়।
আরও পড়ুন—