কুমিল্লার সদরের গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে বসতঘরে আগুনে পুড়ে আজমীর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজমীর স্থানীয় কাঠমিস্ত্রি আবু তাহেরের ছেলে।
আজমীরের চাচা আবু কালাম বলেন, ‘বিকালে আমরা সবাই ঘরের বাইরে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে আবু তাহেরের ঘরে আগুন লাগে। নিমেষেই ঘরটি পুড়ে যায়। তারপর থেকে শিশু আজমীর নিখোঁজ হয়। পরে ঘরে খুঁজে দেখি, চালের ড্রামের সঙ্গে পুড়ে ছাই হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘আজমীর বাইরে খেলা করছিল। আমরা সবাই বাইরেই ছিলাম। আজমীর কখন ঘরে ঢুকেছে আমরা টের পাইনি।’
সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। শিশুটি পুড়ে মারা গেলো। খুবই দুঃখজনক ঘটনা।’
ঘটনাস্থল পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’