বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার রায় আজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার রায় আজ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীনের রায় ঘোষণার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু জানান, মামলায় ১৩ আসামির মধ্যে ৯ জন কারাগারে। বাকি চার জন পলাতক। ইতোমধ্যে আদালত বাদীসহ ৪০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন। মামলার সব কার্যক্রম শেষ হওয়ায় আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রায়ের দিন ধার্য করেন।

উল্লেখ্য, বেগমগঞ্জের একলাশপুরে ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত। ৩২ দিন পর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সময় ৯ জনের নামে দুটি মামলা করেন ভুক্তেভোগী। একটি নির্যাতনের এবং অন্যটি পর্নোগ্রাফি আইনে। পরে ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা করা হয়। ধর্ষণের মামলায় একই আদালত গত ৪ অক্টোবর দুই আসামি দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।