সাবেক স্ত্রীর সঙ্গে প্রেমের সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের পতেঙ্গায় সাবেক স্ত্রীর সঙ্গে প্রেমের সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল জলিল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে নোয়াখালী থেকে গ্রেফতার করে পতেঙ্গা থানার পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম থাকার সন্দেহে গত বৃহস্পতিবার প্রতিবেশী আবু তাহেরকে (৪৮) বাসা ডেকে নিয়ে যায় আব্দুল জলিল। এরপর কয়েক জন মিলে তাকে মারধর করে। আহত আবু তাহেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয় স্থানীয়রা। জরুরি বিভাগে চিকিৎসার পর তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি মারা যান।

ঘটনার পর শুক্রবার দুপুরে আবু তাহেরের মেয়ে রাজিয়া সুলতানা বাদী হয়ে আব্দুল জলিলকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও দুই জনকে আসামি করা হয়েছে। 

ওসি জানান, ঘটনার তদন্তে গিয়ে জানা যায়, আব্দুল জলিলের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকে ওই নারী পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় থাকেন। জলিলের সন্দেহ ছিল, তার সঙ্গে আবু তাহেরের প্রেম আছে। এই সন্দেহে বৃহস্পতিবার আবু তাহেরকে ডেকে নিয়ে মারধর করে।

ঘটনার পর থেকে আব্দুল জলিল এলাকা ছেড়ে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নোয়াখালীর কিল্লার হাট এলাকা থেকে গ্রেফতার করে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।