চট্টগ্রাম নগরে স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের সার্জিস্কোপ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী আইনজীবী আনিসুল ইসলামসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আঁখির ভগ্নিপতি আবুল কালাম জানান, আনিসুলের সঙ্গে তার প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। দুই জনের বাড়ি বাঁশখালীর জলদি গ্রামে। বিয়ের পর নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় ভাড়া বাসায় থাকতো। কয়েক মাস না যেতেই যৌতুকের জন্য আঁখির ওপর নির্যাতন চালিয়ে আসছিলো আনিসুল।
ছয় মাস আগে তার ফোন কেড়ে নেয়। কয়েকদিন আগে আঁখির ওপর পাশবিক নির্যাতন চালায়। পেটে লাথি মারলে গুরুতর আহত হয় আঁখি। রবিবার নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তার পেটের নাড়ি ছিঁড়ে গেছে।
জটিল অপারেশন করতে চিকিৎসকরা অপারগতা প্রকাশ করলে রবিবার সকালে পাঁচলাইশের সার্জিস্কোপ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আঁখির মারা যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা ক্লিনিক থেকে লাশ উদ্ধার করেছি। স্বামী ও তার খালাতো ভাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। পরিবারের অভিযোগ, আঁখিকে নির্যাতনে হত্যা করেছে আনিসুল। তাদের বাসা এবং নির্যাতনের ঘটনাস্থল যেহেতু চান্দগাঁও থানা এলাকায় সেহেতু মামলার বিষয়টি দেখবে চান্দগাঁও থানা। সেখানে মামলা হবে।