ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার (২৬ ডিসেম্বর) খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার তিন ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইউনিয়নগুলো হলো- লক্ষ্মীছড়ি, বর্মাছড়ি ও দুল্যাতলী। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
তবে দুর্গম এলাকা হওয়ায় দুই ইউনিয়নের তিন কেন্দ্রের নির্বাচনি কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম যাবে হেলিকপ্টারে করে। ভোট শেষে একইভাবে তারা ফিরবেন। কেন্দ্রগুলো হলো- লক্ষ্মীছড়ি ইউনিয়নের ইন্দ্রসিং কার্বারী পাড়া (শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), বর্মাছড়ি ইউনিয়নের উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পেক্কুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা কিরণ বিকাশ চাকমা জানান, ২৬ ডিসেম্বর তিন ইউনিয়নেই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। তিন ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৮২৭ জন। এর মধ্যে লক্ষ্মীছড়িতে আট হাজার ৮৭২, দুল্যাতলীতে পাঁচ হাজার ৮০৫ এবং বর্মাছড়ি ইউনিয়নে ভোটার সংখ্যা পাঁচ হাজার ১৪৭ জন। দুর্গম এলাকা হওয়ায় উল্লেখিত তিন কেন্দ্রের ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরঞ্জাম যাবে হেলিকপ্টারে এবং আসবেও একইভাবে।
জানা গেছে, লক্ষ্মীছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে চার, দুল্যাতলীতে দুই ও বর্মাছড়িতে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।