নির্বাচনি কন্ট্রোল রুমে হামলা: আ.লীগের প্রার্থীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনি কন্ট্রোল রুমে হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী উষাজাই চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধ মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসের নৈশ প্রহরী মাহমুদুল হাসান বাদী হয়ে ৩১ ডিসেম্বর অভিযোগ দাখিলের পর পুলিশ মামলা (মামলা নম্বর-০১, তারিখ: ৩১.১২.২০২১) রেকর্ড করে। 

মামলার এজাহারে বলা হয়, গত ২৬ ডিসেম্বর নির্বাচন শেষে উপজলা কমিউনিটি সেন্টারে অস্থায়ী নির্বাচনি কন্ট্রোল রুমে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় দুই কর্মচারি আহত হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার সময় উপজেলা রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

লক্ষ্মীছড়ি থানার ওসি হুমায়ুন কবির বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে আসামি আটকের চেষ্টা চলছে। ঘটনার সম্পর্ক তিনি বলেন, সরকার দলীয় পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা উত্তেজিত হয়ে কন্ট্রোল রুমের সামনে বিক্ষোভ করে। এ সময় বিজিবি-পুলিশ ধাওয়া দিল তারা পালিয়ে যায়। 

উপজেলা কৃষি কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ সোহরাব হাসান ভূইয়া বলেন, আনুমানিক ৯টার দিকে কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা চলছিল। এর মধ্যেই প্রধান ফটকে লাঠি-শোঠা দিয় আঘাত করার বিকট শব্দ এবং মিছিলের আওয়াজ পাওয়া যায়। পরে বিজিবি ও আনসার সদস্যরা এগিয়ে গেলে দুর্বত্তরা পালিয়ে যায়। আওয়ামী লীগের পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরাই এ হামলা চালিয়েছিল।

লক্ষ্মীছড়ি উপজলা নির্বাহী অফিসার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেষে চূড়ান্ত ফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে হামলার ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক। আইনের মাধ্যম অপরাধীদের শাস্তি নিশ্চিতে কাজ চলছে। 

মামলায় নৌকার পরাজিত প্রার্থী উষাজাই চৌধুরী ছাড়াও উপজলার যুবলীগ সভাপতি আবুল কালাম ও উপজলা ছাত্রলীগ সভাপতি মো. মিজানুরসহ ১৫ জন এবং অজ্ঞাত ১২০-১৩০ জনকে আসামি করা হয়েছে।