বান্দরবান সদর উপজেলার সুয়ালক, কুহালং ও টংকাবতী এ তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।
সকালে টংকাবতীর রামারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইট্টা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুহালংয়ের চেমী ডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুয়ালকের সুয়ালক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বান্দরবান সদরের তিন ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা সবাই শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। তবে শান্তিপূর্ণ ভোট গ্রহণের সময় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান বলেন, মাঠ পর্যায়ে নির্বাচনি সহিংসতা এড়াতে ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন কাজ করছে। এবারের পঞ্চম ধাপের নির্বাচনে বান্দরবান সদরের তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত জন, সাধারণ সদস্য পদে ৮১ ও সংরক্ষিত সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২০ হাজার ১৫জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৮১৮ ও পুরুষ ভোটার ১০ হাজার ১৯৭ জন।