কারাগারে থেকে ৭ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান হলেন মনিরুল

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে কারাগারে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম। বুধবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি জয়লাভ করেছেন।

মনিরুল ইসলাম তালশহর পূর্ব ইউনিয়নের মৃত ফজর আলী মাস্টারের ছেলে। তিনি সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক। গত বছরের ২৬ থেকে ২৮ মার্চে হওয়া হেফাজতের সহিংসতার মামলায় গ্রেফতার হয়ে তিনি জেলা কারাগারে রয়েছেন। তাকে মোট ১৪ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জানা গেছে, তালশহর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে আট জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ইউনিয়নের ৯ কেন্দ্রে ভোট হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম চশমা প্রতীকে তিন হাজার ৯৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুস সালাম পেয়েছেন দুই হাজার ৪৭২ ভোট। সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুসেন মিয়া মনিরুলের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে কাজ করেছেন।

এ বিষয়ে হুসেন মিয়া সাংবাদিকদের বলেন, ‘গত বছরের জুন মাসে হেফাজতের সহিংসতার ঘটনায় হওয়া মামলায় তাকে (মনিরুল ইসলাম) আটক করে পুলিশ। পরে হেফাজতের সহিংসতার ঘটনায় করা ১৪ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।’

তার দাবি, মনিরুল হেফাজতের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত না। তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। মনিরুল সৎ ও ভালো লোক। জেলখানায় বন্দি রাখার কারণেই এলাকার মানুষ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার মানুষ সাড়া দিয়েছেন। তিনি তার মুক্তি দাবি করেন।

কারাবন্দি মনিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি এনামুল হাসান।

তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, মনিরুল অত্যন্ত ভালো লোক। তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। সে কোনও খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল না।