পরাজিত মেম্বার প্রার্থীর লাশ মিললো মাছের প্রজেক্টে  

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন দিন পর মাছের প্রজেক্ট থেকে এক পরাজিত মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফারুক মাস্টারের বাড়ির পাশের একটি মাছের প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত জহিরুল ইসলাম (৫৩) উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে। একই ওয়ার্ড থেকে তিনি ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ও পরাজিত হন। তিনি স্থানীয় বজরা বাজারের একজন ব্যবসায়ী। পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক।

নিহতের ছোট ভাই জাকির বলেন, শনিবার দিবাগত রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান তার বড় ভাই। রাত ১২টায় কে বা কারা আমার ভাইকে মোবাইলফোনে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার ভোরে ফারুক মাস্টারের বাড়ির পাশে মাছের প্রজেক্টে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তবে, নিহতের লাশের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে কয়েকটি কমলা ও জুস পাওয়া গেছে। এছাড়া, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।