রাঙামাটিতে পজিটিভ রোগীর বাড়িতে উড়ছে লাল পতাকা

পার্বত্য জেলা রাঙামাটিতে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এরই মধ্যে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকা ও বাড়ি চিহ্নিত করতে লাল পতাকা টানিয়ে দিচ্ছে স্থানীয় প্রশাসন। এছাড়া পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। 

রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ১৫৫ জনের করোনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫৫জন। শনাক্তের হার ৩৫.৪৮ভাগ। সংক্রমণ জেলা শহর থেকে উপজেলাগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। সদরে ৩৫, কাপ্তাইয়ে ১৫, রাজস্থলীতে এক এবং বিলাইছড়িতে চার জনের করোনা শনাক্ত হয়েছে।

সূত্র আরও জানায়, জানুয়ারি মাসের এক থেকে ১২ তারিখ পর্যন্ত ২৮৭টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়। (শতাংশের হার ৯.০৫)। ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ৫৪৫টি পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়। (শতাংশের হার ৩০.০৯)।

এদিকে করোনার ঊর্ধ্বগতি রোধে স্বাস্থ্যবিধি অনুসরণে বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা টাঙিয়ে দিচ্ছেন।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে ও জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে জেলা প্রশাসন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওযা হচ্ছে।