ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের নির্বাচনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের নির্বাচন সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে ২০১১ সালের ১৪ জুলাইয়ে স্থগিত হয় । সোমবার (৩১ জানুয়ারি) দীর্ঘদিন পর নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাস্টার মো. ইদ্রিসের বিপক্ষে নির্বাচন করছেন রাসেল। তিনি সিএনজি অটোরিকশা প্রতীকে লড়ছেন।
রাশেদুল ইসলাম চৌধুরী রাসেল বলেন, সকাল থেকেই নির্বাচনে অনিয়ম দেখছি। ভোটকেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচনে প্রচারের সময় আমার ওপর তিনবার হামলা করা হয়েছে। নির্বাচনের পরিবেশ না থাকায় আমি ভোট বর্জন করছি। অন্য কোনও উপায় ছিল না।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাস্টার মো. ইদ্রিস বলেন, ‘নির্বাচনে অনিয়মের অভিযোগ মিথ্যা। পরাজয় আঁচ করতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আমার প্রতিদ্বন্দ্বী।’
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইয়েদ আনোয়ার খালেদ বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, চেয়ারম্যান পদে চার জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।