চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাবা-ছেলের সন্ধান এখনও মেলেনি। তাদের সন্ধানে নদীতে অভিযানে নেমে চার দিন আগে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ওই শিশুর নাম শরীফ উদ্দিন (১৪)। সে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় থাকতো। সে পরিত্যক্ত মালামাল সংগ্রহ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রবিবার সকালে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তপন দাস (৪০) ও তার ছেলে সমীর দাস (১৭)। পরে তাদের উদ্ধারে নামে ডুবুরি দল। তবে সকাল ৮টার দিকে নতুন সেতুর কাছাকাছি কর্ণফুলী ঘাট থেকে শরীফের লাশ উদ্ধার করা হয়। সে চার দিন আগে নিখোঁজ হয়েছিল।
আরও পড়ুন: কর্ণফুলীতে ডিঙি উল্টে বাবা-ছেলে নিখোঁজ
রবিবার ভোরে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে ডিঙি নৌকা উল্টে তপন ও সমীর তলিয়ে যান। নৌকা উল্টে যাওয়ার পর পর সজিব দাস (৩৫) নামে আরেক জেলে সাঁতরে তীরে ওঠেন। তিনি তপন দাসের ছোট ভাই। তাদের বাড়ি পটিয়া উপজেলার শিকলবাহা গ্রামে। এখন পর্যন্ত বাবা-ছেলের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।