ভালোবাসা দিবসে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। ভালোবাসা দিবস উপলক্ষে তিনি জনগণের মধ্যে লাল গোলাপের সঙ্গে তুলে দিয়েছেন জন্ম নিবন্ধন সনদ। বসন্তের প্রথম দিনে চেয়ারম্যানের এই ব্যতিক্রমধর্মী উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। সোনার হরিণ হয়ে ওঠা জন্ম নিবন্ধন কার্ড চেয়ারম্যান নিজ হাতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।
বিষয়টিকে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বাস্তবায়ন বলে মনে করছেন সুধীসমাজের লোকজন।
হলদিয়া পালং ইউনিয়নের সিকদারপাড়ার কফিল উদ্দিন সিকদার বলেন, 'ভালোবাসা দিবসে চেয়ারম্যান নিজে ফুল আর জন্ম নিবন্ধন সনদ নিয়ে আমার কাছে আসবেন, তা কল্পনাই করিনি। জনগণের প্রতি একজন চেয়ারম্যানের এই ভালোবাসা দেশের অন্য জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।'
যুবলীগ নেতা ও চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণকে ভালোবাসা, জনগণের সেবা করা। ভালোবাসা দিবসটি আমার ইউনিয়নের জনগণের সঙ্গে সেবা ও ভালোবাসা দিয়ে পালন করছি।