চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রেমিক যুগলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১১টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি গ্রামের ভগবান দারোগা বাড়ির সুব্রত মুৎসুদ্দির বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকাকে খুন করে হয়তো প্রেমিক নিজেই আত্মহত্যা করেছেন। ওই তরুণী স্থানীয় কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী আর তরুণ পেশায় একজন ব্যবসায়ী ছিল বলে জানা গেছে।
পাহাড়তলী ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি মুন্নি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি চৌকির ওপর ছেলের লাশ এবং মাটির উপর গলায় ফাঁস ও ছুরিবিদ্ধ অবস্থায় মেয়ের লাশ পড়ে আছে।
তরুণীর বাবা বলেন, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের এক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা হয়েছে । আগামী ৭ মার্চ আশীর্বাদ ও ১০ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের অনুষ্ঠানের জন্য কেনাকাটাও শেষ।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
রাতে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।