ভোজ্যতেল মজুতের অপরাধে দুই দোকানিকে অর্থদণ্ড

নোয়াখালী জেলা শহর মাইজদি পৌর বাজারে অভিযান চালিয়ে ভোজ্যতেল মজুতের অপরাধে দুই দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রবিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি বলেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তার সহযোগিতায় ভোজ্যতেল মজুত এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মা ভান্ডারের মালিক এবং সেন্টু রঞ্জন নামে দুই মুদি দোকানের মালিককে ২২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানার পুলিশ।