চট্টগ্রামে হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৩০ দোকান

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আনিসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এই সময়ের মধ্যে ৩০টি দোকান পুড়ে গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার জহুর হকার্স মার্কেট বন্ধ ছিল। রাতে হঠাৎ আগুন লাগে।

এ ঘটনায় নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, তামাকুন্ডি লেনসহ আশপাশের দোকানিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।