তবারক নিয়ে মসজিদে বাগবিতণ্ডা, ২ দিন পর যুবককে হত্যা

শবে বরাতের রাতে তবারক নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই দিন পর এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুক মিয়া (২৮)। তিনি ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন নিহতের বড় ভাই জালাল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সঙ্গে প্রতিবেশী নাসিরের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রবিবার সন্ধ্যা ৭টার দিকে উভয়ের মধ্যে ফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাসির ও তার সহযোগী মামুনসহ আরও ৫-৬ জন যুবক মাসুককে মারধর করে এবং ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় ছোট ভাইকে রক্ষা করতে এসে আহত হন জালাল। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তারা ঘাতক নাসির ও সহযোগীদের গণপিটুনি দিয়েছে। এতে তারা আহত হলে তাদেরকেও হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।