খাল দখল করে স্থাপনা, ছুটে গিয়ে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শীলকূপ খাল দখল ও ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শীলকূপ ইউনিয়নের মোজাব্বত পাড়ায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এতে খাল ভরাট করে স্থাপনা নির্মাণ ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দক্ষিণ জলদীর মো. ফয়জুল্লাহ (৫১) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, বাঁশখালী উপজেলার শতবর্ষী শীলকূপ খালটি জালিয়াখালী খালের সঙ্গে সংযুক্ত। এ খাল দিয়ে বর্ষাকালে পূর্ব-মনকিচর এলাকার অধিকাংশ চাষিদের ও মোহাব্বত আলীপাড়ার পাঁচ শতাধিক পরিবারের পানি নিষ্কাশন হয়ে থাকে। ওই ব্যক্তি খাল দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। এ অভিযোগে বুধবার দুপুরে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘খালে অবস্থিত কালভার্টের নিচে ও সামনের দিকে পুরোপুরি ভরাট করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ফয়জুল্লাহ নামে এক ব্যক্তি। তিনি খালের ওপর স্থাপনা তৈরি করেছেন। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝেও ক্ষোভ বিরাজ করছিল। লোকজন দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অভিযোগ করেন। সরেজমিন গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ কারণে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’