পানির গ্লাসের ভাঙা টুকরা গলায় বিঁধে সীতাকুণ্ডে জয়নুল আবেদিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার গুলিয়াখালি ৩ নম্বর চাঁন মিয়া মুন্নার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জয়নুল আবেদিন ওই এলাকার ফোরক আহমেদের ছেলে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে পাঁচলাইশ থানার পরদির্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে রাতে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে মো. কামরুল হোসেন বলেন, আমার বাবা পেশায় একজন কৃষক। গত রবিবার মায়ের সঙ্গে বাবার পরিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে উদ্ধার করা হয়। সোমবার পুনরায় আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে যারা উদ্ধার করতে যান তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আমার বাবা মাটিতে পড়ে যান। এ সময় মাটিতে থাকা পানির কাঁচের গ্লাস ভেঙে গলায় ঢুকে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।