ঘরের চালের পানি পড়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আবু বক্কর (৪৭) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খাড়েরা এলাকায় এই ঘটনা ঘটে। আবু বক্কর খাড়েরা দেওয়ানপাড়া গ্রামের আলফাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টি এলে আবু বক্করের ঘরের টিনের পানি পাশের বাড়ির সম্পর্কে চাচাতো ভাই রুকু মিয়ার সীমানায় পড়ে। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে রুকুর ছেলে সবুজ মিয়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সবুজ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বক্করকে হত্যা করে। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।