ট্রেনের ছাদে এবং ইঞ্জিনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণের সময় ৩৭ যাত্রীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) ফেনী রেলওয়ে থানা পুলিশ এ জরিমানা করে। এ সময় ৩৭ যাত্রীর কাছ থেকে আট হাজার ৪২০ টাকা জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মো. হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংগামী বিজয় এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে ফেনী থেকে ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণের অভিযোগে ৩৭ জনকে জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইএফটি মূলে আট হাজার ৪২০ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি জানান, ঘরমুখো মানুষ যাতে ঝুঁকিপূর্ণভাবে ট্রেনে ভ্রমণ না করে এ জন্য আমরা প্রচার চালিয়ে আসছি। নিষেধ অমান্য করে যে সব যাত্রী ভ্রমণ করবে, তাদের জরিমানা করা হবে।
অভিযানে নেতৃত্ব দেন ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম।