পানিতে ডুবে যমজ ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলার পৃথক পৃথক স্থানে পৃথক সময়ে পুকুরের পানিতে ডুবে যমজ দুই সহোদর ভাইবোন এবং বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো– সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩), কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মে) দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের মোস্তফার যমজ ছেলেমেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ ধরে শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তাদের সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে, বৃহস্পতিবার বিকাল ৫টায় কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহীকে একই বাড়ির মতিন মিয়ার রান্নাঘরের পানির বালতিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।