আচরণবিধি লঙ্ঘন: ২৬ প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন চেয়ারম্যান ও চার সদস্য প্রার্থীকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৪ জুন) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার চাম্বল, শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এ নিয়ে বাঁশখালীতে ছয় চেয়ারম্যান ও ২০ সদস্য প্রার্থীকে মোট দুই লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ জুন) এ সব তথ্য নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিধিবহির্ভূতভাবে নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় তিন চেয়ারম্যান প্রার্থী ও চার সাধারণ সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে শীলকূপ ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী, গন্ডামারা ইউনিয়নের এক চেয়ারম্যান ও তিন সদস্য প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং গন্ডামারা ইউনিয়নে অপর এক সাধারণ সদস্য প্রার্থীকে ৮ হাজার টাকাসহ মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ঝুঁকিমুক্ত নির্বাচন নিশ্চিতকল্পে অভিযান অব্যাহত থাকবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাঁশখালীতে এ পর্যন্ত ছয় চেয়ারম্যান ও ২০ সদস্য প্রার্থীকে মোট দুই লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আগামী ১৫ জুন বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।