বন্দর নগরী চট্টগ্রামে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রবিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে দেশ-জাতি ও সারা বিশ্বের নির্যাতিত মুসলিম জনগণের শান্তি কামনায় দোয়া করা হয়।
চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৮টায়, জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। একই স্থানে সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে লালদীঘি সিটি করপোরেশেন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। নগরীতে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৭টায় হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৪১ ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব-স্ব মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়।
অপরদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় এবারের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। কমিটির আওতাভুক্ত নগরের ৯৩টি আঞ্চলিক ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।