খালে কোরবানির গরু গোসল করাতে গিয়ে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালে ডুবে নাবিল রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১০ জুলাই) সকালে শহরের কাউতলী পূর্বপাড়া গ্রামের কুরুলিয়া খালে এ ঘটনা ঘটে।

নাবিল রহমান ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে কাউতলী আইডিয়াল রেসিন্ডেসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

নাবিলের মামা শাহ আলম জানান, সকাল ৭টায় কোরবানির গরুকে গোসল করানোর জন্য কাউতলী এলাকার কুরুলিয়া খালে নিয়ে যায়। গোসল করানোর সময় হঠাৎ তীব্র স্রোতে খালে ডুবে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেও না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসলেও ডুবুরিদল না থাকায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। পরে পাশ্বর্বতী জেলা কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়। তারা এসে দুপুর ১২টার দিকে খাল থেকে লাশ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্ধার টিম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়ায় একটি ডুবুরিদল দেওয়ার জন্যে সরকারের কাছে জোর দাবি জানান তারা।

ফায়ার সার্ভিসের লিডার জুয়েল মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল না থাকায় কিশোরগঞ্জ থেকে ডুবুরিদল আনা হয়। তারা এসে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে লাশ উদ্ধার করেছেন।