চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ওষুধ চুরির অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ জুলাই) সকাল ১০টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলো চমেক হাসপাতালের ওয়ার্ডবয় দিলীপ কুপার নাথ (৪৫), আশীষ দাশ (৪৫) ও পলাশ ধর (৩২)।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, চমেক হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করে নিয়ে পালানোর সময় হাতানাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে অন্তত ১০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৭ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওষুধ চুরির অভিযোগে সুমন বড়ুয়া (৩০) নামে আরও একজন ওষুধসহ আটক হন। তাকে হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারের সামনে আটক করা হয়।