কক্সবাজারের চকরিয়া উপজেলায় চাচা-ভাইপোর ঝগড়া থামাতে গিয়ে নুরুল হুদা সওদাগর (৬৫) নামে এক বৃদ্ধের পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১১ জুলাই) উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবনগর পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
নুরুল হুদাকে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, কুতুবনগর পাড়ার রুহুল আমিনের ছেলে সোহাগ মনির (১৮) ও তার আপন চাচা দোস্ত মোহাম্মদের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার একটি গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে সোহাগকে মারধর করেন চাচা। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরুব্বি নুরুল হুদা ঘটনাস্থলে আসেন এবং উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে দোস্ত মোহাম্মদ তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হাত, পা ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে একটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
নুরুল হুদাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
চকরিয়া থানা পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দোস্ত মোহাম্মদকে আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।