চট্টগ্রামে নুরুল ইসলাম নাহিদ (৪০) নামে এক বাস সুপারভাইজারকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল ইসলাম চান্দগাঁও থানার শামসুর কলোনী চেয়ারম্যান ঘাটা এলাকার বাসিন্দা। তিনি হানিফ এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ভোরে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে অটোরিকশাচালক জানান, ভোরে দুই জন নতুন ব্রিজ এলাকা থেকে এক কিলোমিটার এলাকা হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল যাওয়ার কথা বলেন। পরে নতুন ফিসারিঘাট যাওয়ার পথে থামিয়ে মুমূর্ষু এক ব্যক্তিকে দুই জন মিলে অটোরিকশায় তোলেন। সকাল সাড়ে ৬টায় ভুক্তভোগীর বাসায় যান তারা। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যালে আনার পথে অটোরিকশা থামাতে বলে পালিয়ে যায়ন দুই জন। এরপর হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদেকুর রহমান আরও জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শক ও নির্যাতনে ভুক্তভোগীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, বুধবার (১৩ জুলাই) কাজে যাওয়ার কথা বলে বাকলিয়ার বাসা থেকে বের হন নুরুল ইসলাম। আজ দুই জন একটি অটোরিকশায় করে তাকে বাসায় নিয়ে যান। তারা পরিবারের সদস্যদের বলেন, নাহিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এরপর অটোরিকশা করে সঙ্গে থাকা দুই লোকসহ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমথ্যে গাড়ি থেকে নেমে পালিয়ে যান তারা। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।