বাসে আটক ব্যক্তির পেট থেকে বের হলো ১৪০০ ইয়াবা

চট্টগ্রামের মীরসরাইয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদক ব্যবসায়ীর নাম মো. সজিব মিয়া (২৬)। গ্রেফতারের পর তার পেট থেকে ১৪০০ ইয়াবা বের করা হয়। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী এনা পরিবহনে তল্লাশি চালিয়ে সজিব মিয়াকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইছাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড পাঁচ কাইছাইল এলাকার মিয়া বাড়ির মতিন মিয়া প্রকাশ মধুর পুত্র। 

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, ‘মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী এনা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় তার পেট ফোলা থাকায় তাকে মীরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তার পেটে ইয়াবা দেখা যায়। পরে পায়ুপথে ইয়াবাগুলো বের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ইয়াবাগুলো ঢাকা নিয়ে যাচ্ছিলো বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি করার জন্য। তার বিরুদ্ধে মীরসরাই থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৩) দায়ের করা হয়েছে।’