কুমিল্লার ধর্মসাগরপাড়ের নগর উদ্যানের পাশে রবিউল হাসান শাহাদাত নামে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার (২০ আগস্ট) ৯ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, শাহাদাত হত্যাকাণ্ডে আমরা সন্দেহভাজন ৯ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করছি। হত্যাকাণ্ডের বিষয় খুবই সেনসিটিভ। তাই জিজ্ঞাসাবাদ করছি। খুব শিগগিরই মূল হোতা ও জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা সিসিটিভি ফুটেজ ও যাবতীয় তদন্ত শুরু করেছি। মামলাও প্রক্রিয়াধীন আছে।
গতকাল শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর। শাহাদাত নগরীর পুরাতন চৌধুরী পাড়ার হোমিও কলেজের ডান পাশের গাংচর এলাকার বশু মিয়ার বাড়ির প্রাইভেটকার চালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।