চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুড়ে দুলাভাইয়ের ঘুষিতে মোহাম্মদ আমির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় ভুজপুরের কাজীরহাট বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমির পশ্চিম ভুজপুর এলাকার শামসুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে শ্যালক মোহাম্মদ আমিরের সঙ্গে দুলাভাই মাংস ব্যবসায়ী সেলিম ওরফে কসাই সেলিমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। আমিরের কাছে সেলিম টাকা পাওনা রয়েছেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে কিল ঘুষিতে আহত হন শ্যালক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোহাম্মদ আমির নামে এক ব্যক্তি সন্ধ্যায় নিহত হয়েছেন। পাওনা টাকা নিয়ে দুলাভাইয়ের মারধরে তিনি মারা গেছেন বলে স্বজনরা দাবি করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’