লক্ষ্মীপুরের রায়পুরের হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর আসমা আক্তারের হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী মাসুদ গাজী খোকন ছুরিকাঘাতে তাকে হত্যা করে। রবিবার (২১ আগস্ট) রাতে খোকনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (২০ আগস্ট) দুপুরে পুলিশ উপজেলার হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে আসমার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এদিন সকালে স্থানীয় লোকজন গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় ভিকটিমের স্বামীকে সন্দেহ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আসমা বেগমের মা অজুফা বেগম বাদী হয়ে স্বামী খোকনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রবিবার রাত সোয়া ২টার দিকে চট্টগ্রামের বটতলী রেল স্টেশন থেকে আসমার স্বামী খোকনকে গ্রেফতার করে। সোমবার (২২ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
খোকনের বাড়ি মুন্সীগঞ্জের গাজির চর এলাকায়। ১৮ আগস্ট ভোররাতে স্ত্রীকে হত্যার পর সে নারায়ণগঞ্জে পালিয়ে যায়, সেখান থেকে চট্টগ্রামে যায় বলে জানান পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।