বাড়িতে ‘আড্ডা’, নিষেধ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে আসাদ খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। আসাদ খান ওই গ্রামের খাঁ-বাড়ির মৃত ইদন খানের ছেলে। 

আসাদ খানের স্ত্রী হনুফা বেগমের অভিযোগ, পাশের বাড়ির নূরজামানের ছেলে শাহিন মিয়া প্রায়ই তাদের বাড়িতে এসে ফ্রি ফায়ার গেম খেলতেন। এছাড়া বন্ধু-বান্ধব নিয়ে এসে আড্ডা দিতেন এবং তাদের বাড়ির গাছ থেকে পেয়ারাসহ অন্যান্য ফলমূল নিয়ে যেতেন। আজ সকালে শাহিনকে বাড়িতে আসতে নিষেধ করেন আসাদ খান। এ নিয়ে দুই জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আসাদকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন শাহিন। এতে জ্ঞান হারান তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসাদ খানের মেয়ে আকলিমা আক্তার বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘাতক শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই আসাদ খানের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পেয়ে তিনি মারা গেছেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) মো. সোহেল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।