‘জীবনডাই আফসোস’ লিখে ফেসবুকে পোস্ট, ঘরে মিললো যুবকের লাশ 

ফেসবুকে হতাশা প্রকাশ করে পোস্ট দেওয়ার পরদিন নিজ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার হয়েছে। রবিবার (২৮ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে ক্লান্ত রঞ্জন শীল, ওরফে বাঁধন (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। 

বাঁধঘন জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের নীহার রঞ্জন শীলের ছেলে। সে সুলতানপুর গ্রামে মামার বাড়িতে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা-ইন-মেডিক্যাল অ্যাসিসটেন্টে (ম্যাটস) পড়াশোনা করছিল। 

ক্লান্ত রঞ্জন শীলের কাকা অভিশীল বলেন, ‘শনিবার বাঁধন হাসপাতালের ডিউটি শেষে বাড়ি ফেরে। রাতে সে তার ফেসবুক আইডি থেকে পোস্টে লিখে ‘জীবনডাই আফসোস’। পরে রবিবার সকালে পরিবারের সদস্যরা ঘর থেকে তাকে অচেতন অবস্থায় পায়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, বাঁধনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।