বিএনপি নেতা খোকনসহ ৯৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নোয়াখালীতে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৯৪ জনের নাম উল্লেখ ও ৩৫০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। সোনাইমুড়ীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) রাতে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

তিনি বলেন, ‌‘পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৯৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামি ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে আটক দুই বিএনপি কর্মীকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: সোনাইমুড়ীতে আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ১৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সরকারের নানা অব্যবস্থাপনার প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিএনপির মিছিলটি সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সড়কে এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হন।