২০ হাজার টাকা বেতন চান লাইটার জাহাজ শ্রমিকরা 

লাইটার জাহাজের শ্রমিকদের মাসিক বেতন ২০ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। সোমবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় নগরীর সদরঘাটে সংগঠনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিতে লাইটার শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শেখ মো. ইছামিয়া বলেন, ১৭ দফা দাবি মানতে হবে। এ বিষয়ে সরকার ও জাহাজ মালিক পক্ষ শিগগিরই কোনও ব্যবস্থা না নিলে লাগাতর কর্মবিরতি পালনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন, সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান আলম, জাহাঙ্গীর আলম, নরুল আলম, সাইফুল ইসলাম শিমুল, মাহবুব আলম ও সিরাজসহ কয়েকশ’ শ্রমিক উপস্থিত ছিলেন।