চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন রাজু হত্যার প্রধান আসামি শাহিনুর হোসেন শাহিনকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরের অলংকার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীন জোরারগঞ্জ থানাধীন মধ্যম-সোনাপাহাড় গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, গরুর বর্গা নিয়ে বাগবিতণ্ডার জেরে গত ৯ জুলাই ছাত্রলীগ নেতা ইব্রাহিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মাহি উদ্দিন বাদী হয়ে গত ১১ জুলাই জোরারগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতার শাহিনুর হোসেন শাহীন মামলার প্রধান আসামি।
নিহত ইব্রাহিম মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।