ওষুধের সঙ্গে কুমিল্লায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রি এবং পরিবহনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ওষুধ কোম্পানির ওষুধ পরিবহনের মিনি পিকআপে আট হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ বোতল ফেনসিডিল ও ৮৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতার আসামি হলেন— চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন চাপাতলী (দক্ষিণ পাড়া) গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আল-আমিন হোসেন সুমন (৩১)।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন জানান, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, জব্দ করা পিকআপে দীর্ঘদিন ধরে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ ছাড়াও, মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান ব্যবহার করে তার ভেতরে ওষুধের আড়ালে মাদক পরিবহন করে আসছে। উক্ত বিষয়ে গ্রেফতার আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।