নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছে ইসি। মঙ্গলবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর এই নির্বাচন হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশে এই জেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এর আগে শুধুমাত্র চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছিল চেম্বার জজ আদালত। মঙ্গলবার সব পদের নির্বাচন স্থগিত করেছে কমিশন।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু (চশমা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) কবিরহাট পৌরসভার সাবেক মেয়র এবং জেলা পরিষদের সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু (আনারস প্রতীক)। নির্বাচনে ৯ উপজেলার মধ্যে চাটখিল ও হাতিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বাকি সাতটিতে সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯৮ ও নারী ভোটার ৩০৮ জন।