ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ ২ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের ৪৫টি টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তাদের আটক করেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ায় সদর পৌরশহরের পৈরতলা এলাকার বাসিন্দা মো. সারোয়ার (২৩) ও জুয়েল মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, গোপনে খবর পেয়ে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৪৫টি আসনযুক্ত টিকিট ও নগদ ১৮ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ সদস্যরা সহযোগিতায় ছিলেন।