ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় ছিনতাইকালে দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (১৫ অক্টোবর) সকালে জোরারগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটে। বারইয়ারহাট পৌরবাজার এলাকা থেকে ছিনতাই করে পালানোর সময় তাদের আটক করে গণপিটুনি দেওয়া হয়।
তারা হলো—উপজেলার সোনাপাহাড় এলাকার মৃত আবুল কালামের ছেলে সুমন প্রকাশ ফয়সাল (২২) ও ইলিয়াসের ছেলে সম্রাট (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে ট্রাক থামিয়ে চালক-হেলপার জোরারগঞ্জ থানার উত্তর পাশে ভাই ভাই হোটেলে নাশতা করতে নামেন। এ সময় তিন ছিনতাইকারী তাদের চাপাতি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। চালক-হেলপারের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন। অপরজন পালিয়ে যায়। এরপর গণপিটুনি দিয়ে তাদের বেঁধে রাখলে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, এক ছিনতাইকারী পালিয়ে গেছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা কারাগারে পাঠানো হয়েছে।