কুমিল্লার বরুড়া এলাকায় বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এসময় আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার পর কুমিল্লা-বরুড়া আঞ্চলিক সড়কের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ওহিদুর রহমান (৪০) ও সাগর (১৯)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন মো. শাহফরান। তারা সবাই স্থানীয় শাহার পদুয়া এলাকার একটি বেকারিতে কাজ করতেন।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে, আমরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসটি বরুড়ার দিকে যাচ্ছিল। তিন আরোহীসহ মোটরসাইকেলটি কুমিল্লামুখী ছিল। মৌলভীবাজার এলাকায় আসলে বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুই জন মারা যায়।’
নিহতদের লাশ থানায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।