ক্যান্সার গবেষণায় জাপান গেলেন চবির ৭ শিক্ষার্থী 

ক্যান্সার গবেষণা কাজে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাত শিক্ষার্থী। জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জিএসটি) অধীনে ‘সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এ অংশ নিতে শুক্রবার বাংলাদেশ ছাড়েন তারা। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তারা জাপানে থাকবেন।

দলটির নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মলিকুলার বায়োলজি অ্যান্ড ক্যান্সার রিসার্চ ল্যাবের প্রধান তদন্তকারী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া।

এর আগে গত ১৫ ডিসেম্বর নাগোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টেটসুয়া ওকাজিমা ও লেকচারার ইউকো তাসিমা চিঠি দিয়ে রবিউল হাসান ভূঁইয়াকে প্রোগ্রামে আমন্ত্রণ জানান। 

অংশগ্রহণকারী বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাত শিক্ষার্থী হলেন- ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সোহানুর রহমান মিশন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জয়িতা তঞ্চঙ্গ্যা, উম্মে নাসরিন, তাসনীম মনোয়ারা তানজু ও ওমর ফারুক, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রুপালী আক্তার এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিলুর রহমান। 

তানজিলুর রহমান জানান, জাপান সরকার পরিচালিত জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এই প্রোগ্রামটা চালু করা হয়েছে৷ ওই প্রোগ্রাম থেকে তারা ক্যান্সার গবেষণা সম্পর্কে জানবেন। এছাড়া গবেষণার একটি বিশেষ টেকনিক সম্পর্কে শর্ট টাইম ট্রেনিং করবেন যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই।

অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ল্যাবে ১৫ জনের বেশি শিক্ষার্থীর মধ্যে সিজিপিএর ভিত্তিতে বাছাই করা সাতজনের দল নিয়ে জাপানে যাওয়া। সেখানে তারা ক্যান্সারের বিভিন্ন গবেষণা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন।’