গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ভেঙে পড়লো ঘর, আহত ৮

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুটি সেমি পাকা ঘর ধসে আট জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন বলিরহাটের আব্দুর রব সড়ক নজির বাপের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার মামুনা খাতুন (৬০), ডলি আক্তার (৩৫), মাহিন (১০), সুমা আক্তার (১৮), নূরুন্নাহার (৫০), রীনা আক্তার (১৬), হৃদয় (১৭) ও সানজিদা আক্তার (১২)।

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সিটি করপোরেশনের নালা দিয়ে গ্যাস লাইন বিভিন্ন বাসায় সংযোগ দেওয়া হয়েছে। লাইনে লিকেজের কারণে বিস্ফোরণ হয়ে  নারী শিশুসহ আট জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ পুলিশের টিম উপস্থিত রয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা বাহার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যাসের লাইনে লিকেজ হয়ে একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংকে জমাট হয়ে বিস্ফোরিত হয়। এতে সেমিপাকা ঘরটি এবং পাশের একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় আট জন আহত হন।