অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: উদ্ধার অভিযান শেষ, নিখোঁজ নেই কেউ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের শুরু হওয়া উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে উদ্ধার অভিযান শেষ করে ফায়ার সার্ভিস।

ভোর ৬টা থেকে কুমিরা ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। 

এর আগে শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, রবিবার ভোর ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হয়েছিল। ঘটনাস্থল থেকে গ্যাসের সিলিন্ডারের বোতলগুলো সরানো হয়েছে। আজ অভিযান চলকালে কোনও মৃতদেহ উদ্ধার ও আহত কাউকে পাওয়া যায়নি। কোনও শ্রমিক নিখোঁজ থাকার বিষয়েও কারো দাবি নেই। আনুষ্ঠানিকভাবে দুপুরে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি টিম আজ কাজ করেছে। এ সময় কোনও হতাহত পাওয়া যায়নি। উদ্ধারকাজ শেষ হয়েছে। দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে। ওখানে এখন বিস্ফোরণের আর কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।