ওসিকে ধাক্কা দিলেন উপমন্ত্রীর বডিগার্ড, থানায় জিডি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বডিগার্ডের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি। একইসঙ্গে এ ঘটনায় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। 

অভিযুক্ত বডিগার্ডের নাম সন্তু শীল। তিনি সিএমপির সহকারী উপপরিদর্শক (এএসআই) ও শিক্ষা উপমন্ত্রীর বডিগার্ড হিসেবে নিয়োজিত।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) নগরীর পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় ঈদসামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী। ওই সময় উপমন্ত্রীর সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরীকে প্রটোকল দিয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন ওসি জাহিদুল কবির। এ সময় পেছন থেকে ওসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এএসআই সন্তু শীল। সঙ্গে সঙ্গে ওসি প্রতিবাদ করলে উপমন্ত্রীর বডিগার্ড তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওসি। তখন বডিগার্ড ও ওসিকে অনুষ্ঠানস্থলের পাশের রুমের ভেতরে নিয়ে যান মহিবুল হাসান চৌধুরী। 

বৃহস্পতিবার রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেন ওসি। সেইসঙ্গে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের কাছে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দেন। 

এ বিষয়ে জানতে চাইলে ওসি জাহিদুল কবির বলেন, ‘আমি জিডি করেছি। এ নিয়ে কোনও কথা বলতে চাই না। যা বলার সিএমপি কমিশনারকে বলেছি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ বলেন, ‘জিডি হয়েছে। বিষয়টি ঈদের পর তদন্ত করে দেখা হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার বিষয়ে জানতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।