চট্টগ্রামে ঈদ জামাতে দেশের জন্য শান্তি কামনা

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে চট্টগ্রামে প্রধান ঈদ জামাত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে পর পর দুটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। শনিবার (২২ এপ্রিল) সকাল ৮টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। মোনাজাতে দেশকে যে কোনও বিপদ থেকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়। বাংলাদেশকে সব ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য দোয়া এবং বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য প্রার্থনা করা হয়। 

ঈদ জামাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। একই স্থানে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক। দুই জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হয়।  

এছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে। এতে  ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। এছাড়া কমিটির আওতাভুক্ত নগরীর ৯৩টি আঞ্চলিক ঈদগাহতে ঈদের নামাজ আদায় করা হয়।